তাত্ত্বিক বিজয় সিংয়ের মৃত্যুতে জাতীয় মুক্তি কাউন্সিলের শোক

রেভ্যুলেশনারি ডেমোক্রেসি পত্রিকার সংগঠক মার্ক্সবাদী ও লেনিনবাদী তাত্ত্বিক বিজয় সিং-এর মৃত্যুতে শোক  প্রকাশ করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম। 

শুক্রবার (১৭ এপ্রিল) বিবৃতিতে তিনি বলেন, “বিজয় সিং-এর জীবনাবসান আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের এক বড় ধরনের ক্ষতি।” 

বিবৃতিতে ফয়জুল হাকিম বলেন, “কমিউনিস্ট আন্দোলনে বিভ্রান্ত সৃষ্টিকারী সংশোধনবাদী তত্ত্বের বিরুদ্ধে মার্ক্সবাদ-লেনিনবাদের বিপ্লবী মতবাদকে উর্ধ্বে তুলে ধরার পাশাপাশি তিনি কমরেড জোসেফ স্তালিনের বিপ্লবী তত্ত্ব ও সংগ্রামকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন। এ লক্ষ্য অর্জনে ভারতের দিল্লি থেকে নিয়মিত ইংরেজিতে প্রকাশিত রেভ্যুলেশনারি ডেমক্রেসি পত্রিকার মাধ্যমে বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ-পুঁজিবাদবিরোধী সংগ্রামে নিয়োজিত মার্ক্সবাদী-লেনিনবাদী পার্টি ও সংগঠনগুলোর মধ্যে আন্তর্জাতিক ঐক্য গড়ে তোলার কাজে একনিষ্ঠভাবে কাজ করে গেছেন।” 

তিনি আরও বলেন, “২০১৭ সালে মহান অক্টোবর বিপ্লবের শতবার্ষিকীতে প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন বাঙলাদেশ লেখক শিবির আয়োজিত আলোচনা সভায় বিজয় সিং বক্তব্য রেখেছিলেন।” 

তিনি রুশ ভাষায় প্রকাশিত বলশেভিক পার্টি ও লেনিনের রচনাবলী অধ্যায়নে মস্কোতে জীবনের একটা সময় অতিবাহিত করে ছিলেন। মার্ক্সবাদ-লেনিনবাদের প্রতি ছিল তার গভীর আগ্রহ বলেও জানান এই নেতা। 

ফয়জুল হাকিম আরও বলেন, “সামাজিক মাধ্যমে স্তালিন সোসাইটি গঠন করে আন্তর্জাতিক পরিসরে কমিউনিস্ট ও বিপ্লবী ঐক্য গড়ে তোলা ছিল ভিজয় সিং-এর আরেক প্রয়াস।” এমন কমিউনিস্ট বিপ্লবীর জীবনাবসানে জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে তিনি গভীর শোক ও লাল সালাম জানান। 

উল্লেখ্য, ১৭ এপ্রিল ভারতের দিল্লিতে তার জীবনাবসান হয়।