তোফায়েল আহমেদ ছিলেন দায়বদ্ধ রাজনৈতিক নেতা: আ স ম রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘তোফায়েল আহমেদ ছিলেন জনগণের প্রতি গভীর দায়বদ্ধতাসম্পন্ন রাজনৈতিক সংগঠক। তার মৃত্যুতে দেশ একজন সংগ্রামী নায়ককে হারালো।’

সোমবার (১ জুন) বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে শোকপ্রকাশ করে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে রব বলেন, ‘আমি দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতিতে তোফায়েল আহমেদের সঙ্গে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছি। রাজনৈতিক সংগ্রামের বহু গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা একসঙ্গে পথ চলেছি। কাছ থেকে তাকে দেখার সুযোগে আমি উপলব্ধি করেছি—তিনি ছিলেন সাহসী, দূরদর্শী এবং জনগণের প্রতি গভীর দায়বদ্ধতাসম্পন্ন একজন রাজনৈতিক সংগঠক।’

তিনি জানান, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র মুক্তি সংগ্রামে বিএলএফ-এর অন্যতম সংগঠক হিসেবে তোফায়েল আহমেদের ভূমিকা বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। স্বাধীনতা, গণতন্ত্র, বাঙালির আত্মমর্যাদা ও জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি ছিলেন সংগ্রামী রাজনৈতিক চেতনার এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তার প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা ও আপসহীন মনোভাব নতুন প্রজন্মের জন্য দীর্ঘদিন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

রব বলেন তোফায়েল আহমেদের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিক ও সংগ্রামের মহানায়ককে হারালো। এই ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহযোদ্ধাদের গভীর সমবেদনা জ্ঞাপন করেন।