‘অভিনেত্রী শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল’

অভিনেত্রী মেহের আফরোজ শাওন কি শেখ হাসিনার চেয়েও বেশি পাওয়ারফুল? তিনি জুলাই যোদ্ধাদের অপমান করার দুঃসাহস কোথায় পেলেন? প্রধানমন্ত্রীর সামনে এমন প্রশ্ন তুলেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা।

শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে নিহদের স্মরণে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্যে তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৩৬ জুলাইয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

জুলাই যোদ্ধাদের পক্ষে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আবু হোরায়রা বলেন, ‘আমরা মেহের আফরোজ শাওনের একটি ফেসবুক পোস্টে অনেক মর্মাহত হয়েছি। তিনি শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়ারপুল নাকি? এখনও তিনি পাওয়ার বহন করেন? তিনি ক্রমাগতভাবেই জুলাই যোদ্ধাদের অপমান করছেন। তিনি এই দুঃসাহস কোথায় পেলেন? আমরা অতি দ্রুত তার বিচার দেখতে চাই।’

তিনি তার বক্তব্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও ছিলেন– স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।