শহীদদের ঋণ পরিশোধের উপায় জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শহীদদের রক্তের ঋণ পরিশোধের অন্যতম উপায় হলো জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা।

শনিবার (১১ জুলাই) বিকালে জাতীয় শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ২০২৪ এর গণঅভ্যুত্থান বিষয়ক ‘অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজ’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পবিত্র কুরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা সিরিজের উদ্বোধন করা হয়।

এ সময় জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা এবং জুলাই সনদের দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধা এবং শহীদ পরিবারের বর্তমান দুর্দশার কথা তুলে ধরে তাদের যথাযথ পুনর্বাসন, সম্মান ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– জুলাই শহীদ জাবের ইব্রাহিমের মা সংসদ সদস্য রোকেয়া বেগম এবং বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাই যোদ্ধাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে অংশ নেন।