জামায়াত-শিবিরকে ঈঙ্গিত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি নুরুল হক নুর বলেছেন, “গত দেড় দশক যেভাবে গুপ্ত ছিলেন বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে হবে।”
শনিবার (১৫ আগস্ট) ‘রগকাটা জামাত-শিবির তার স্বরূপে ফিরেছে!’ শিরোনামে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে নুরুল হক নুর লেখেন, “কুষ্টিয়া গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে নেতা-কর্মীদের ওপর জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা রামদা, হকিস্টিক, ছুরি, চাপাতি নিয়ে উপর্যুপরি হামলা করেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া সরকারি কলেজের সভাপতি সোহান আহমেদসহ অর্ধশত নেতাকর্মী।
“জামাত-শিবিরের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে জামাত-শিবিরকে স্মরণ করিয়ে দিতে চাই— গত দেড় দশক যেভাবে গুপ্ত ছিলেন বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে।”
প্রসঙ্গত, কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার সমর্থক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ঘটেছে। এ সময় আমির হামজার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ছয় রাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।