নুরুল হক নুর যদি হাসিনার পুত্র হয়, তাহলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আবু হানিফ তার পোস্টে বলেন, ‘‘নুরুল হক নুরের বিরুদ্ধে যখন যুক্তি-তর্কে পেরে উঠে না, তখনই তাকে আওয়ামী লীগের দেওয়া ট্যাগ ‘বিকাশ নুর’ বলা হয়। হাসিনাকে মা ডেকেছিলেন বলে সেই প্রসঙ্গও সামনে আনা হয়। যদিও ২০১৯ সালে ডাকুস নির্বাচনে ভিপি হওয়ার পর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সময় কথা প্রসঙ্গ বলেছিলেন, তার মাঝে মায়ের প্রতিচ্ছবি দেখতে পান। আবার এর পরদিনই তিনি মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে হাসিনাকে স্বৈরাচার বলেছিলেন।
তিনি বলেন, ২০১৮ সাল থেকে ২৪-এর গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দ্বারা কমপক্ষে ৩০ বারের বেশি হামলার শিকার হন নুর। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নুরুল হক নুরের ভূমিকা ছিল আপসহীন। তরুণদের রাজনৈতিকভাবে সচেতন করতে নুরুল হক নুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি আরও বলেন, নুরুল হক নুরের শিষ্য আসিফ, আখতার, ১৯ সালের পর থেকে ২৩ সাল পর্যন্ত নুরকে নেতা মেনে রাজনীতি করেছেন তারা। তরিকুল তো ২৪ সালের গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের ছিল। নাহিদও নুরের নেতৃত্বে ডাকসু নির্বাচনে অংশ নিয়েছিল। পরবর্তীকালে ছাত্র অধিকার পরিষদে মনমতো পদ না পাওয়ায় সে রাজনীতি থেকে ইনঅ্যাকটিভ হয়ে যায়। তারাও এখন নুরকে হাসিনার পুত্র বলে কটাক্ষ করে। অথচ ১৯ সালের ওই ঘটনার পর ২৩ সাল পর্যন্ত নুরের সাথেই ছিল এরা। এতে তাদের চরিত্র স্পষ্ট যে এরা কেমন মানুষ। তাদের এটা বোঝা উচিত—নুরুল হক নুর যদি হাসিনার পুত্র হয়, তাহলে আসিফ, নাহিদ, আখতাররা হাসিনার নাতি।