মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নসহ ৪ দফা দাবিতে গণতান্ত্রিক অধিকার কমিটির উদ্যোগে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রার উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগস্ট থেকে ২৬ আগস্ট ফুলবাড়ী অভ্যুত্থানের ২০ বছর পূর্তিকে সামনে রেখে ঢাকা থেকে ফুলবাড়ী পর্যন্ত এ প্রচারযাত্রার আয়োজন করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি।
সোমবার (২৪ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এ প্রচারযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী গণঅভ্যুত্থানে তৎকালীন বিএনপি সরকারের সঙ্গে ফুলবাড়ীবাসীর পক্ষে চুক্তি সাক্ষরকারী এবং গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।
কমিটির পক্ষ থেকে জানানো হয় ঢাকা থেকে ফুলবাড়ী পর্যন্ত প্রচার যাত্রাটি আয়োজিত হচ্ছে চারটি দাবিতে। দাবিগুলো হলো— দেশবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল, ফুলবাড়ি চুক্তির পূর্ণবাস্তবায়ন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান এবং জ্বালানি, বিদ্যুৎ এবং রাষ্ট্রায়ত্ত খাতে বেসরকারিকরণ বন্ধ করা।
উদ্বোধনী সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জ্বালানি বিশেষজ্ঞ মোশাহিদা সুলতানা ঋতু এবং বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের প্রেসিডেন্ট সীমা দত্ত। উদ্বোধনী সমাবেশে ‘ফুলবাড়ী তাদের লড়াইয়ের কথা মনে রেখো’ সঙ্গীত পরিবেশন করেছে কোরাস সাংস্কৃতিক সংগঠনের শিল্পী জয়মা মুনমুন। সঞ্চালনা করেন গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক রাফিকুজ্জামান ফরিদ।
গণতান্ত্রিক অধিকার কমিটি জানায়, প্রচারযাত্রাটি প্রেস ক্লাব থেকে শুরু করে গাজীপুর চৌরাস্তায় পথসভা, মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন, টাংগাইল শহরে সমাবেশ, সিরাজগঞ্জের কড্ডার মোড়ে পথসভা, বগুড়ার শেরপুরে পথসভা করে রাতে বগুড়া শহরে গিয়ে বিরতি নেবে। পরদিন ২৫ আগস্ট সকালে বগুড়ায় সমাবেশ, দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পথসভা, দিনাজপুরের বিরামপুরে পথসভা এবং বিকালে দিনাজপুর শহরে সমাবেশ করে রাতে ফুলবাড়ীতে গিয়ে বিরতি দেবে। পরদিন ২৬ আগস্ট ফুলবাড়ীতে ফুলবাড়ী গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করে ফুলবাড়ী শহীদ মিনারে সাম্রাজ্যবাদ প্রতিহতে জীবন উৎসর্গ এবং মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলে সরকারকে বাধ্য করার শপথ গ্রহণ করার মধ্য দিয়ে প্রচারযাত্রাটি শেষ হবে। গণতান্ত্রিক অধিকার কমিটির উদ্যোগে দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আয়োজিত মার্কিন বাণিজ্যচুক্তির বিপদের প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হবে ফুলবাড়ীতে ২৬ আগস্ট।