গুলিস্তানে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে হামলার অভিযোগ

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) কার্যালয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা জাসদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন বলেও অভিযোগ করা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় এ ঘটনা ঘটে। 

এই অভিযোগ করে দলের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, হামলায় বিএনপির কতিপয় নেতাকর্মী নেতৃত্বে রয়েছেন। তবে তাৎক্ষণিক তিনি কারও নাম বলতে পারেননি।

তিনি জানান, কার্যালয়ের ভেতরে তাদের প্রতিনিধি সম্মেলন চলছিল। তখনই ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি ভাঙচুর শুরু করে হামলাকারীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভাঙচুর চলছিল বলে তিনি জানান।

জাসদের কেন্দ্রীেয় কার্যালয়ের বাইরের পরিস্থিতি

এ বিষ‌য়ে পল্টন থানার প‌রিদর্শক (তদন্ত) মো. শ‌ফিকুল ইসলাম বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, স্থানীয় যুবদ‌লের নেতাকর্মীরা দা‌বি কর‌ছেন যে, জাসদ কার্যাল‌য়ের ভেতর থে‌কে জয় বাংলা স্লোগান দেওয়া হ‌য়ে‌ছে। বিপরী‌তে জাসদ দা‌বি কর‌ছে, এমন কো‌নও ঘটনা ঘ‌টে‌নি। ইচ্ছাকৃতভা‌বে হামলা চালা‌নো হ‌য়ে‌ছে। ত‌বে ঘটনা খ‌তি‌য়ে দেখা হ‌চ্ছে। এতে কো‌নও হতাহ‌তের ঘটনা নেই। 

জাসদের পক্ষ থেকে আরও জানানো হয়, নিচে কলাপসিবল গেট আটকে রেখেছে হামলাকারীরা। ভেতরে প্রতিনিধি সম্মেলনে আগত নেতাকর্মীরা কর্নেল তাহের মিলনায়তনসহ বিভিন্ন কক্ষে আটকে পড়েছেন। 

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বাইরে বিপুল সংখ্যক উৎসুক জনতার ভিড়। সেখানে যুবদলের নেতাকর্মীরাও অবস্থান করছেন। সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা।