সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত, এনসিপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এমন অভিযোগ তুলেছে গণ অধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। রবিবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
আবু হানিফ তার পোস্টে বলেন, প্রথমত, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাংচুরের ঘটনায় নিন্দা জানাই। যে বা যারা এ ঘটনায় জড়িত, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
দ্বিতীয়ত, সালমান মুক্তাদির তার বক্তব্যে স্পষ্ট বলেছেন, কেউ তার কাছে চাঁদা দাবি করেনি। সে এটাও বলেছে মূলত জমির মালিকের সঙ্গে বিরোধের জেরে এই হামলা।
পুলিশও বলছে, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনও ঘটনা ঘটেনি। সালমান মুক্তাদিরের স্টুডিও টার্গেট ছিল না।
মূল ঘটনা হলো, দুই জমির মালিকের মধ্যকার চলমান বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে, অথচ ছড়ানো হচ্ছে সালমান মুক্তাদির চাঁদা দেয়নি বলে এই হামলা। এটা স্পষ্ট যে সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত, এনসিপি ও নিষিদ্ধ লীগ।