সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নিন্দা এবং দ্রুততম সময়ে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (১০ অক্টোবর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বিবৃতিতে এই দাবি জানান।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা শেষ মুহুর্তে স্থগিত করা হয়েছে। অতীতে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণিত অভিযোগের মাঝেও পরীক্ষা চালিয়ে যাওয়ার যে সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল, এর বিপরীতে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পেলে পরীক্ষা স্থগিত করা শ্রেয়তর পদক্ষেপ। কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি একটি গর্হিত অপরাধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই এর দায় এড়াতে পারে না।’
এর সঙ্গে জড়িতদের কঠোরতম শাস্তি নিশ্চিত করার কথা জানিয়ে তারা বলেন, ‘প্রশ্নফাঁসের ঘটনায় যারা জড়িত, তাদের কঠোরতম শাস্তি নিশ্চিত করার কোনও বিকল্প নেই। একই সঙ্গে পরবর্তীতে এ ধরণের ঘটনা এড়াতে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’
তারা আরও বলেন, ‘লক্ষাধিক পরীক্ষার্থী ঢাকায় পরীক্ষার জন্য এসে শেষ মুহুর্তে পরীক্ষা স্থগিত হওয়া অনভিপ্রেত বিষয়। এতে শিক্ষার্থীদের যে মানসিক, আর্থিক ও শারীরিক ক্ষতি হয়েছে, তা অপরিমেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাকরিপ্রার্থীদের এ ধরণের ক্ষতি ও বিড়ম্বনার বিষয়ে সমব্যথী। আমরা এই অমার্জনীয় অপরাধের নিন্দা ও প্রতিবাদ জানাই।’
প্রশ্নপত্র ফাঁসকারীদের গ্রেফতারের কথা জানিয়ে তারা বলেন, ‘অবিলম্বে পরিকল্পিতভাবে প্রশ্ন ফাঁসকারী ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে এই নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করতে হবে। ভবিষ্যতে যেকোনও উপায়ে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে হবে।’