ব্রিটিশ কাউন্সিলের ‘স্টাডি ইউকে ভার্চুয়াল মেলা’ ২০ ফেব্রুয়ারি

ভার্চুয়াল মাধ্যমে ‘স্টাডি ইউকে ভার্চুয়াল মেলা’র আয়োজন করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল। আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ মেলায় যুক্তরাজ্যের অনেক সুপরিচিত বিশ্ববিদ্যালয় অংশ নেবে। পাশাপাশি বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ভর্তিচ্ছু শিক্ষার্থীরাও অংশগ্রহণ করবে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এ ভার্চুয়াল মেলায় শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভর্তি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে বর্তমানে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে স্থিতাবস্থা রয়েছে এবং ক্ষেত্রবিশেষে সীমিত পরিসরে ভ্রমণ করা যাচ্ছে। এ পরিস্থিতিতে এ ভার্চুয়াল মেলাটি বিশেষজ্ঞদের কাছ থেকে যুক্তরাজ্যে উচ্চ শিক্ষাগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য গ্রহণের এক সুবর্ণ সুযোগ। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিনিধিরা মেলায় উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়, বিষয় নির্বাচন ও আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দেবেন।  

মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা মেলা চলাকালীন চ্যাট রুমে বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পাবেন এবং এর পাশাপাশি ক্যাটালগ ডাউনলোড ও বিজনেস কার্ড বিনিময়েরও সুযোগ পাবেন।

আগ্রহী শিক্ষার্থীরা ওয়েবসাইট https://bd.registration.study-uk.britishcouncil.org/events এ প্রবেশ করে মেলায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।

নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর শিক্ষার্থীদের লগ-ইন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। এছাড়াও যেসব শিক্ষার্থীরা মেলার আগে নিবন্ধন করতে পারবেন না তাদের মেলা চলাকালীন নিবন্ধনের সুযোগ দেওয়া হবে।

যুক্তরাজ্যের অনেক বিখ্যাত বিশ্ববিদ্যালয় এ ভার্চুয়াল মেলায় অংশগ্রহণ করবে। এর মধ্যে রয়েছে কার্ডিফ বিশ্ববিদ্যালয়, ম্যানচেস্টার মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়, দ্য ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার, দ্য ইউনিভার্সিটি অব এডিনবার্গ, ইউনিভার্সিটি অব ইয়র্ক, ইউনিভার্সিটি অব শেফিল্ড, ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাঙ্গলিয়া, ইউনিভার্সিটি অব গ্লাসকো, ইউনিভার্সিটি অব সাসেক্স ও ইম্পেরিয়াল কলেজ লন্ডন।

মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং শিক্ষার্থীদের কীভাবে এ অভিজ্ঞতা কাজে লাগবে তা জানা যাবে https://bd.registration.study-uk.britishcouncil.org/plan-your-visit  এই ওয়েবসাইট থেকে।