বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ভার্চুয়াল ওয়েবিনার আয়োজন করে।
গত ১৪ আগস্ট বিকালে ‘জাতীয় শোক দিবস ২০২১: জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি’ শিরোনামে আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
রবিবার (১৫ আগস্ট) প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
ওয়েবিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্স ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ড. ফকরুল আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক ড. আতিউর রহমান, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, আইইউবি’র গ্লোবাল স্টাডিজ এন্ড গভার্নেন্স প্রোগ্রামের প্রধান অধ্যাপক ড. ইমতিয়াজ এ হুসাইন, ইংলিশ এন্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ বিভাগের অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। ওয়েবিনারে স্বাগত বক্তব্য পেশ করেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর সম্মানিত উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত উপাচার্য) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, সভাপতিত্ব করেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত চেয়ারম্যান জনাব এ মতিন চৌধুরী এবং সমাপনী বক্তব্য পেশ করেন আইইউবি’র স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান। ওয়েবিনারটি সঞ্চালনা করেন আইইউবি’র মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক ডঃ জাকির হোসেন রাজু।
ওয়েবিনারে বক্তারা দেশের প্রতি বঙ্গবন্ধুর আত্মত্যাগ, অদম্য সাহস, মানবতাবাদী ব্যক্তিত্ব, অসামান্য দরদী নেতৃত্বের গুণাবলী, শোষণ-নিপীড়ন-দুর্নীতির প্রতি আপসহীনতা, নারীর ক্ষমতায়ন, আপামর জনসাধারণের প্রতি প্রগাঢ় ভালবাসা, দূরদৃষ্টি সম্পন্ন বিদেশ নীতি প্রভৃতি নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন ও দর্শন সম্পর্কে আরও বেশি অধ্যয়নের প্রতি গুরুত্বারোপ করেন।
ওয়েবিনারে সভাপতির বক্তব্য রাখেন আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এ মতিন চৌধুরী।