রোগীর সেবায় আন্তরিকতা ও দায়বদ্ধতার প্রত্যয় নিয়ে রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালের ১৫ বছরপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) বাদজহর হসপাতাল ও রোগীদের দীর্ঘায়ু কামনা করে পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মিলাদের আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এ সময় ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মঈনউদ্দিন হাসান রশীদ এবং ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফাইজুর রহমান, বোর্ড মেম্বার, চিকিৎসক, নার্স, পরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কেক কাটা ও বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মঈনউদ্দিন হাসান রশীদ বলেন, ‘ইউনাইটেড হাসপাতাল ১৫ বছর অতিক্রম করেছে। আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানের যে লক্ষ্য নিয়ে এ হাসপাতালের যাত্রা হয়েছিল, সেখানে ছাড় দেওয়ার কোনও অবকাশ নেই এবং হয়নি। আমাদের চেষ্টা থাকবে প্রতিষ্ঠানকে একটা রোল মডেল হিসেবে দাঁড় করানো। ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে তৈরি করা। আরও ১০ জনকে স্বাস্থ্যসেবাকেন্দ্র বা হাসপাতাল করার পরামর্শ দেওয়ার সময় যেন আমরা বলতে পারি যে, তারা আমাদের গড়ে তোলা প্রতিষ্ঠানকে অনুকরণ করতে পারবে।’
ইউনাইটেড হসপাতালের ১৫ বছর পূর্তিতে রোগীর ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী হাসপাতালের সেবার মান বাড়ানোর জন্য সবাইকে একবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইউনাইটেড গ্রুপের অধীনে “ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড” এর আওতাধীন কয়েকটি নতুন হাসপাতালসহ সব মিলিয়ে সারাদেশে অচিরেই এক হাজার ৭০০ শয্যা সক্ষমতাসম্পন্ন সেবা পরিচালনা হবে। এ সেবা উত্তরোত্তর বাড়ানো এবং সেবার মান ধরে রাখতে ইউনাইটেড গ্রুপ ও ইউনাইটেড হাসপাতাল বদ্ধপরিকর।’
এ সময় ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফাইজুর রহমান বলেন, ‘১৫ বছর ধরে প্রাইভেট হেলথ সেক্টরে আমরা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত প্রায় ৫ লাখ ৩০ হাজারের বেশি রোগী এবং তাদের পরিবারকে আমরা স্বাস্থ্যসেবা দিয়েছি। যার মধ্যে ইমার্জেন্সি ডিপার্টমেন্টেই এসেছে ২ লাখ ৩০ হাজারের বেশি রোগী। অর্থাৎ মানুষ ইমার্জেন্সি মুহূর্তে আমাদের ওপর আস্থা রেখেছে।
বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে ইউনাইটেড হাসপাতাল স্বাস্থ্য খাতের উন্নয়নে অবদানের কথা বলতে গিয়ে ফাইজুর রহমান বলেন, এছাড়া করোনাকালীন আমাদের চিকিৎসক ও নার্সদের দলগত ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে রোগীকে সেবা প্রদান সত্যিই প্রশংসার দাবিদার।
২০০৬ সালের আজকের দিনে ইউনাইটেড গ্রুপের মালিকানা ও তত্ত্বাবধানে ইউনাইটেড হাসপাতালের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়।