বইপ্রেমীদের জন্য অনলাইন চাকরি মেলার আয়োজন করেছে আদর্শ ও রকমারি। মেলাটি চলবে ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত। মেলায় ১৫টি প্রতিষ্ঠান ২৫টি পোস্টে ১৩০ জন লোক নিয়োগ দিবে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) আয়োজকদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো হলো- অনন্যা, অন্যপ্রকাশ, অবসর, অ্যাডর্ন, আগামী প্রকাশনী, আদর্শ, ইউপিএল, পাঞ্জেরী পাবলিকেশন্স, প্রতীক, প্রথমা প্রকাশন, বাতিঘর, মাওলা ব্রাদার্স, রকমারি, সময় প্রকাশন, সাহিত্যদেশ।
মেলার বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে আদর্শ’র সিইও মাহবুব রাহমান বলেন, ‘বিভিন্ন শিল্পে চাকরিমেলা হলেও অতীতে কখনো প্রকাশনা কিংবা সংশ্লিষ্ট শিল্পে চাকরিমেলা হয়নি। চাকরি প্রার্থীদের এই শিল্পে ক্যারিয়ার গড়তে উদ্বুদ্ধ করা এবং নিয়োগের জন্য যোগ্য লোকগুলোকে খুঁজে বের করাই আমাদের প্রধান লক্ষ্য।’
চাকরি মেলায় যে কাজের পদখালি রয়েছে সেগুলো হলো‑ এডিটিং, কনটেন্ট ও কপি রাইটিং, প্রুফ রিডিং, কম্পিউটার অপারেটিং, একাউন্টিং, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সেলস, প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, এইচআর, আরঅ্যান্ডডি, প্রোডাকশন ম্যানেজমেন্ট, কাস্টমার কেয়ার, স্টোর কিপিং, আইটি, টেকনিক্যাল সাপোর্ট, অফিস অ্যাসিসটেন্স, সোশাল মিডিয়া ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, অপারেশন, আইটি, সেক্রেটারি, বইমেলা ইত্যাদি।
ইউপিএল’র ম্যানেজিং ডিরেক্টর মাহরুখ মহীউদ্দিন বলেন, ইন্টার্ন থেকে ম্যানেজার পদ এবং পূর্ণকালীন, খণ্ডকালীন, স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, বইমেলায় কাজ এমনকি ঘরে বসে কাজ করার মতো চাকরির সুযোগ থাকছে এই এই মেলাতে।
পুরো মেলাটি হবে অনলাইনে। আদর্শ, রকমারি এবং অংশগ্রহণকারী প্রকাশকদের পেইজ থেকে ‘প্রকাশনা শিল্পে ক্যারিয়ার’ বিষয়ক ৩টি লাইভ আলোচনা হবে। এতে লেখক, প্রকাশক এবং প্রকাশনা কর্মীরা অংশ নিবেন, তারা অভিজ্ঞতা ও সম্ভাবনার কথা বলবেন। Job fair for book lover ইভেন্ট পেইজে মেলা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
চাকরি প্রার্থীরা ২০ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানা যাবে ফেসবুক ও আদর্শের ওয়েবসাইটে।