‘বায়োমেট্রিক ওয়ার্কার ডেটাবেজ’ পেলো উইটসা অ্যাওয়ার্ড

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ২৫তম ডাব্লিউসিআইটিতে বায়োমেট্রিক আইডেন্টিটি অ্যান্ড ওয়ার্কার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারের জন্য টেকসই প্রবৃদ্ধি বা চক্রাকার অর্থনীতি বিভাগে (ক্যাটাগরিতে) উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে। ঢাকায় সদ্য সমাপ্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলনে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

বিজিএমইএ’র পক্ষে পরিচালক রাজীব চৌধুরী এবং সফটওয়্যার সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিসটেক ডিজিটাল লিমিটেড’র প্রধান নির্বাহী এম রাশিদুল হাসান এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন। রবিবার (১৪ নভেম্বর) এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। 

উইটসা এশিয়া প্যাসিফিকের ভাইস চেয়ারম্যান মো. শাহীদ-উল-মুনির বিজিএমইএকে এই পুরস্কার দেন। বিজিএমইএ ২০১৩ সালে পোশাককর্মীদের জন্য একটি বায়োমেট্রিক ডাটাবেজ তৈরির উদ্যোগ নেয়। বায়োমেট্রিক আইডেন্টিটি অ্যান্ড ওয়ার্কার ইনফরমেশন ম্যাসেজমেন্ট সিস্টেম (ওয়ার্কার ডাটাবেজ) স্থানীয় এবং ক্লাউড সার্ভার ডাটাবেজে কর্মসংস্থান এবং পরিচয় সম্পর্কিত তথ্যসহ শ্রমিকদের রেকর্ড সংরক্ষণ করে। বর্তমানে বিজিএমইএ’র সদস্যভুক্ত আড়াই হাজারের বেশি কারখানায় প্রতিদিন ৪০ লাখেরও অধিক কর্মীর জন্য এই সফটওয়্যারটি ব্যবহৃত হচ্ছে। টাইগার আইটি বাংলাদেশ ও সিসটেক ডিজিটাল লিমিটেড এই বিশেষ সফটওয়্যার সিস্টেমটি ডেভলপ, ইন্সটল, প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে।