জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো ৬টি সেক্টরের ৩০ প্রতিষ্ঠান বা কারখানাকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ প্রদান করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। তৈরি পোশাক খাতে এ বছর গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছে ‘স্মোটেক্স আউটারওয়্যার লিমিটেড’। কয়েকটি মাপকাঠি সামনে রেখে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজাম সুফিয়ান সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষে এই পুরস্কার প্রদান করেন।
প্রতিষ্ঠানটির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিরাপদ ও শোভন কর্মপরিবেশে পরিবেশবান্ধব প্রযুক্তি ও দক্ষ শ্রমশক্তি ব্যবহারের মাধ্যমে আরও অধিক পরিমাণে উৎপাদন নিশ্চিত করে সোনার বাংলা বির্নিমাণ এবং দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতামূলক অংশগ্রহণে উদ্বুদ্ধকরণে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ প্রবর্তন করা হয়েছে। এখন থেকে প্রতিবছর এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।