জাতীয় গ্রন্থাগার দিবস-২০২২ উপলক্ষে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) গ্রন্থাগার এক অনুষ্ঠানের আয়োজন করে। রবিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ ক্যাম্পাসে ওই অনুষ্ঠানে হাইব্রিড মোডে আলোচনা, পুরস্কার প্রদান ও বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন আইইউবি’র উপাচার্য অধ্যাপক তানভীর হাসান ও উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন।
অধ্যাপক মো. আবু তাহের বলনে, ‘যদিও ডিজিটাল লাইব্রেরি অনিবার্য কিন্তু মুদ্রিত বইয়ের গুরুত্ব উপেক্ষা করা যায় না। জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে ঘরে ঘরে, শিক্ষা প্রতিষ্ঠানে ও সমাজে গ্রন্থাগার সমৃদ্ধ করতে হবে।’
আইইউবি’র লাইব্রেরিয়ান হোচ্ছাম হায়দার চৌধুরী স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের একটি সংক্ষিপ্ত বিবরণ দেন এবং আইইউবি লাইব্রেরির পরিষেবা নিয়ে বক্তব্য দেন।
এ বছর আইইউবি লাইব্রেরি শিক্ষার্থী, শিক্ষক ও কমিউনিটি লাইব্রেরি সদস্য এই তিনটি বিভাগে ‘সেরা ব্যবহারকারী পুরস্কার-২০২২’ প্রদান করে। আইইউবি’র স্কুল অব ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের ছাত্র মুয়াজ রহমান ফারাজিন শিক্ষার্থী ক্যাটাগরিতে, আইইউবি’র সামাজিক বিজ্ঞান ও মানবিক বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. কাজী মাহমুদুর রহমান শিক্ষক ক্যাটাগরিতে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মন্ময় জাফর কমিউনিটি লাইব্রেরি ব্যবহারকারী হিসেবে পুরস্কার পেয়েছেনে।