বই মেলা উপলক্ষে বিকাশের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের বই সংগ্রহে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। রবিবার (১৩ মার্চ) মেলায় বিকাশ বুথে নিজের লেখা বই জমা দিয়ে এই আহ্বান জানান তিনি। এর আগে বই মেলায় শিশুদের মধ্যে বই বিতরণ করে একই আহ্বান জানিয়েছেন অভিনেতা ইরেশ যাকের, অভিনেত্রী অপি করিম ও অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ ইমতিয়াজ জামি।
গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও বইমেলা উপলক্ষে বিকাশের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল এবং কিছু প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের লাইব্রেরিতে বই দেওয়া হবে। মেলায় আসা ক্রেতা-পাঠক-লেখক-দর্শনার্থীদের দেওয়া বই, দেশজুড়ে বিকাশ গ্রহকসেবা কেন্দ্র, সুপার শপগুলোতে গ্রাহকদের প্রদান করা বই এবং বিকাশের পক্ষ থেকে দেওয়া বইগুলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভিযাত্রিক ফাউন্ডেশন’-এর মাধ্যমে লাইব্রেরিগুলোতে বিতরণ করা হবে।
গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও মেলায় বিকাশ পেমেন্টে বই কিনলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা। প্রতিদিন সবচেয়ে বেশি বিকাশ পেমেন্ট করা ১০ জন গ্রাহক পাচ্ছেন ২০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত পুরস্কার। এছাড়া মেলার দর্শনার্থীদের জন্য বিশুদ্ধ পানির আয়োজন, যাদের প্রয়োজন তাদের হুইল চেয়ারে মেলা ঘুরে দেখার সুযোগ, শিশুদের জন্য পাপেট শো’র আয়োজনসহ বসার ব্যবস্থাও করেছে বিকাশ।