তরুণ্যের উন্নয়নে কক্সবাজারে জুনিয়র চেম্বারের যাত্রা শুরু 

তরুণ্যের উন্নয়নের অঙ্গীকার নিয়ে কক্সবাজারে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর যাত্রা শুরু হলো। বৃহস্পতিবার (৩১ মার্চ) কক্সবাজারের একটি হোটেলে ইউনিটটির অভিষেকের পাশাপাশি চেইন হস্তান্তর ও শপথ গ্রহণ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, ‘আমাদের দেশে উচ্চতর ডিগ্রিধারী সবাই চাকরি চায়। কেউ ব্যবসায়ি বা উদ্যোক্তা হতে চায় না। এ কারণে অনেক ক্ষেত্রে আমাদের অগ্রযাত্রা আটকে আছে। এই চাকরির ধ্যান-ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করে অন্যদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।’

জেসিআই এর কেন্দ্রীয় সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘জেসিআই কাজ করে দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে। যেন সঠিক নাগরিক হিসেবে তরুণ সমাজ তার দায়িত্ব পালন করতে পারে। এরই ধারাবাহিকতায় অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কক্সবাজারে জেসিআইয়ের যাত্রা শুরু হলো। এ অঞ্চলের তরুণরা জেসিআই-এ যুক্ত হয়ে প্রত্যেকের রিসোর্স বিনিময়ের মাধ্যমে যোগাযোগ করবে। আর তাতে নিজেদের দক্ষতার আরও উন্নতি হবে।’

অনুষ্ঠানে আবু ফারহানকে কক্সবাজার জেসিআইয়ের সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়া জেসিআই কক্সবাজার এর অন্যান্য পদে নির্বাচিতরা হলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবেদ আহসার সাগর, ভাইস প্রেসিডেন্ট শেখ আশিকুজ্জামান ও তাহসীন লুৎফুর, লোকাল ট্রেইনিং কমিশনার আমজাদ মাহমুদ, জেনারেল লিগ্যাল কাউন্সিল হুমায়ন কবির রুবেল, ট্রেজারার ফয়সাল সিদ্দিকী, ডিরেক্টর মনোয়ার জিসান নাজিম উদ্দিন আহমেদ ও আরিফুর রহমান।

এ সময় জেসিআই, কক্সবাজারের সভাপতি আবু ফারহানকে শপথ পড়ান কেন্দ্রীয় সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট। একইসঙ্গে তাকে চেইন হস্তান্তর করেন কেন্দ্রীয় সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট ও সাংসদ সাইমুম সরওয়ার কমল। বোর্ড সদস্যদের শপথ পড়ান আবু ফারহান।

অনুষ্ঠানে আরও ছিলেন জেসিআই ন্যাশনাল কমিটির ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম, সাইফউদ্দৌল্লাহ, সেক্রেটারি জেনারেল জিয়াউল হক, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো.মুজিবুল ইসলাম।

অনুষ্ঠানে জেসিআই’র সাবেক সভাপতিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

বিজ্ঞপ্তি