সিএমএসএমই উদ্যোক্তাদের (কুটির, অতক্ষিুদ্র, ক্ষুদ্র ও মাঝারি) প্রণোদনা প্যাকেজের আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা দেওয়ার লক্ষে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে কোভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্টের আওতায় অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ চুক্তি সই করেছে ব্র্যাক ব্যাংক।
গত ৬ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার, প্রজেক্ট ইমপ্লেমেন্টেশন ইউনিট (কোভিড-১৯ ইসিআরএফ), এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট মো. আব্দুল ওহাব, এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন চুক্তিতে সই করেন।
এসময় ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ওবায়দুল হক এবং ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন।
চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকসহ অংশগ্রহণকারী ব্যাংকগুলো দুই হাজার ৫২০ কোটি টাকা পুনঃঅর্থায়ন সুবিধা পাবে, যা ভর্তুকি ইন্টারেস্টে সিএমএসএমই উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হবে।
২০২০-২০২১ অর্থবছরে সিএমএসএমই খাতে সরকারের প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণে অসাধারণ সাফল্যের জন্য ব্র্যাক ব্যাংককে স্বীকৃতি দিয়েছে ব্যাংলাদেশ ব্যাংক। প্রণোদনা প্যাকেজের দুই ধাপে ব্র্যাক ব্যাংক এখন পর্যন্ত দুই হাজার ৬৬৯ কোটি টাকা বিতরণ করেছে।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘সিএমএসএমই অর্থায়নে গুরুত্বপ্রদানকারী ব্যাংক হিসেবে প্রান্তিক ও তৃণমূল পর্যায়ে উদ্যোক্তাদের সহজ অর্থায়ন নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংক দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। করোনা মহামারির প্রেক্ষিতে উদ্যোক্তাদের সহায়তায় আমরা আমাদের কার্যক্রম আরও জোরদার করেছি। আমরা মনে করি, পুনঃঅর্থায়নের ঋণ বিতরণের ফলে সিএমএসএমই খাতে প্রাণ ফিরে আসবে এবং উৎপাদনক্ষমতা মহামারির আগের পর্যায়ে ফিরে যাবে।’