আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) স্থাপত্য বিভাগের আয়োজনে স্টুডেন্ট ফটোগ্রাফি কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। এআইইউবি’র মাল্টিপারপাস হলে গত ২ এপ্রিল এই কম্পিটিশনের পুরস্কার বিতরণ করা হয়। স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের কাজের প্রদর্শনী এবং ক্যাম্পাস ট্যুর এই অনুষ্ঠানের অন্তর্ভুক্ত ছিল।
সোমবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের বিদ্যমান স্কুল শিক্ষা ব্যবস্থায় ‘সৃজনশীলতা’ প্রকাশের সুযোগ খুবই সীমিত। তাই স্থাপত্য বিভাগ তার ‘আউটরিচ’ প্রোগ্রামের অংশ হিসাবে কলেজ ছাত্রদের জন্য এই ‘আলোকচিত্র প্রতিযোগিতা’ শুরু করেছে।
প্রতিযোগিতার থিম ছিল ‘আমার শহর এবং আমি’ অথবা ‘সৃজনশীল আমি’। মোট অনলাইন রেজিস্ট্রেশনের সংখ্যা ছিল ৩৮৫টি, যেখানে জমা দেওয়ার সংখ্যা ছিল ৯২টি। জুরি বোর্ডের সদস্য ছিলেন আশিক ভাস্কর মান্নান, আশিক ইকবাল, আজমেরী নুসরাত সোমা ও মো. সরিফুল ইসলাম সজিব। আর প্রতিযোগিতা অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন রাশেদ হাসান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৮৩ জন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচনা হয় বিভাগীয় প্রধান আরেফিন ইব্রাহিমের সূচনা বক্তব্যের মাধ্যমে। এরপর এআইইউবি ক্যাম্পাস এবং স্থাপত্য বিভাগের একটি অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা দর্শকদের দেখানো হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিজয়ীরা হলেন–কুমিল্লার মুহাম্মদ সাইদুল ইসলাম (কলেজ: ডিকেএমএইচসি), দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান পেয়েছেন বরিশালের সাফায়েত হোসেন শান্ত (বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ) এবং চট্টগ্রামের মুহাম্মদ নাজমুল হোসেন (কলেজ: ক্যামব্রিয়ান কলেজ, চট্টগ্রাম)। পাশাপাশি দুটি প্রশংসা পুরস্কারও ছিল। প্রশংসা পুরস্কার বিজয়ীরা হলেন ঢাকার বিএএফ শাহীন কলেজের শ্রেয়াস পোদ্দার এবং মাইলস্টোন কলেজের মিনহাজুল আলিফ।