‘শরিয়াহভিত্তিক লেনদেনের সুবিধা দিচ্ছে নগদ’

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ‘নগদ তিন বছর ধরে বিভিন্ন ধরনের শরিয়াহভিত্তিক লেনদেনের সুবিধা দিয়ে আসছে, যা ইসলামি জীবনবিধি মেনে আর্থিক লেনদেন ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করার সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে গ্রাহকরা সুদমুক্ত উপায়ে নিজস্ব তহবিল পরিচালনা ও অর্থ সঞ্চয় করতে পারছেন।’

শরিয়াহভিত্তিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। আলোচনায় ইসলামি অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেনের ভূমিকা ও অগ্রগতিসহ এই খাতের বিভিন্ন বিষয় উঠে আসে। ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর সহযোগিতায় এর আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)। সোমবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের বিএসআরএফ মিলনায়তনে এই আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে আরও ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার, নগদ ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি, নগদ-এর নির্বাহী পরিচালক এবং নগদ ইসলামিকের শরিয়াহ বোর্ডের সদস্য মোহাম্মদ আমিনুল হক, বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হকসহ বিশিষ্ট ব্যক্তিরা।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রাহকের লেনদেন থেকে আয়ের একটা অংশ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে দান করছে নগদ। শরিয়াহভিত্তিক লেনদেনের ক্ষেত্রে নগদ-এর এই সেবা একটি সুপরিকল্পিত ও বিশ্বস্ত প্ল্যাটফর্ম।’

নগদের-এর নির্বাহী পরিচালক এবং নগদ ইসলামিকের শরিয়াহ বোর্ডের সদস্য মোহাম্মদ আমিনুল হক বলেন, ‘তিন বছরেই ছয় কোটি গ্রাহক পাওয়া একটি বড় অর্জন। দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ মুসলমান। সেই বিবেচনায় আমরা নগদ ইসলামিক অ্যাকাউন্টটি নিয়ে এসেছি। দেশে ইসলামিক ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে নগদ ইসলামিক একটি মাইলফলক।’

নগদ ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, ‘নগদ ইসলামিকের সেবা সব শ্রেণির মানুষের জন্য। এই প্ল্যাটফর্মের সব সেবা শরিয়াহ বোর্ড দ্বারা স্বীকৃত। গ্রাহকেরা নিশ্চিন্তে এই সেবা নিতে পারেন।’