টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র্যাংকিং-২০২২-এ ‘জাতিসংঘ ঘোষিত এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি-১: নো পোভার্টি’ অর্জনের ক্ষেত্রে বিশ্বসেরা ৫০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সামগ্রিক র্যাংকিংয়ে ব্র্যাক ইউনিভার্সিটি বাংলাদেশে প্রথম এবং বিশ্বব্যাপী ৩০১-৪০০তম অবস্থানে রয়েছে। এসডিজি অর্জনে দারিদ্র্য নিয়ে গবেষণা, দরিদ্র শিক্ষার্থী ও স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তার ক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটির অবদানকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) যুক্তরাজ্যের লন্ডনে টাইমস হায়ার এডুকেশন ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র্যাংকিং-২০২২ প্রকাশ করা হয়েছে। র্যাংকিংয়ে এসডিজি-৪ (গুণগত শিক্ষা নিশ্চিতকরণ) এবং এসডিজি-৮ (শোভন কর্ম সুযোগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন) বাস্তবায়নে বিশ্বসেরা ২০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি।
টাইমস হায়ার এডুকেশন গ্লোবাল ইমপ্যাক্ট র্যাংকিং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সঙ্গতি রেখে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব নির্ণয় করে থাকে। ২০৩০ সালের মধ্যে বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীকে রক্ষা এবং মানুষের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতকরণের উদ্দেশ্যে জাতিসংঘ এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো গ্রহণ করে।
টাইমস হায়ার এডুকেশন গ্লোবাল ইমপ্যাক্ট র্যাংকিংয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ব্র্যাক ইউনিভার্সিটির ভূমিকা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ভিনসেন্ট চ্যাং বলেন, ‘ব্র্যাক ইউনিভার্সিটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রতি পূর্ণ অঙ্গীকারবদ্ধ এবং সেই পথেই আমরা আমাদের উদ্যোগগুলো পরিচালিত করবো।’