ফিলিপ কটলার ও তার সহযোগীদের লেখা ‘এসেনশিয়ালস অব মডার্ন মার্কেটিং’ (ইওএমএম) শীর্ষক বই নিয়ে সম্প্রতি গ্রামীণফোন, কটলার ইমপ্যাক্টের কান্ট্রি পার্টনার নর্দান এডুকেশন গ্রুপ (এনইজি) এবং গ্রামীণফোনের মিডিয়া পার্টনার এশিয়াটিক মাইন্ডশেয়ার বাংলাদেশের মধ্যে এক সমঝোতা চুক্তি সই হয়েছে।
এ বছরই বইটি প্রকাশ করা হবে। বইটির স্থানীয় সংস্করণে বাংলাদেশে গ্রামীণফোনের সাফল্যের গল্প তুলে ধরা হবে। যা নতুন যুগের মার্কেটারদের মাঝে উদ্যোক্তার মানসিকতা তৈরির পাশাপাশি প্রতিষ্ঠানটির সামাজিক নানা উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশের জন্য বড় কিছু করতে উৎসাহিত করবে।
এ উপলক্ষে জিপি হাউজে একটি চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইয়াসির আজমান, সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব, সিডিএসও সোলায়মান আলম, হেড অব মার্কেটিং নাফিস আনোয়ার চৌধুরী এবং হেড অব ডিজিটাল চ্যানেল অ্যান্ড ডিস্ট্রিবিউশন জাহিদুজ জামান। নর্দান এডুকেশন গ্রুপের পক্ষে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. নজরুল ইসলাম, আইটি বিভাগের পরিচালক সাদ আল জাবির আবদুল্লাহ এবং ইওএমএম প্রকল্পের কো-অর্ডিনেটর জায়েদ ইকবাল আবির।
অনুষ্ঠানে গ্রামীণফোনের মিডিয়া এজেন্সি হিসেবে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেডের প্রতিনিধিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোরশেদ আলম এবং নির্বাহী পরিচালক তাসনুভা আহমেদ।
চুক্তি সই অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘আমাদের ফ্ল্যাগশিপ অ্যাপের সফলতার গল্প ফিলিপ কটলারের বইয়ে প্রকাশিত হবে বলে আমি আনন্দিত। মাইজিপি’র যাত্রা নতুন যুগের মার্কেটারদের অনুপ্রাণিত করবে বলে আমি আশা করছি।’
কটলার ইমপ্যাক্টের কান্ট্রি পার্টনার ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘ইওএমএম’র জন্য গ্রামীণফোনের সঙ্গে এনইউবি’র চুক্তি সই করপোরেট বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা।’