দেশে বিশ্বমানের চিকিৎসা সেবা দেবে শিপ ইন্টারন্যাশনাল হাসপাতাল

দেশে বিশ্বমানের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে শিপ ইন্টারন্যাশনাল হাসপাতাল।

শনিবার (১৮ জুন) প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি হাসপাতালটি উদ্বোধন করেন স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যনির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রধান প্রতিনিধি হায়াকাওয়া য়ুহো, জাইকার পরিচালক নাকাযাওয়াকেইচিরও, সচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো।

অনুষ্ঠানে আরও ছিলন– হাসপাতালটির চেয়ারম্যান হিরোইউকিকোবায়াশি, ডেপুটি চেয়ারম্যান ও সিএফও হিদেওকোজিমা এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. মোয়াজ্জেম হোসেন।

জাপানের গ্রীন হসপিটাল সাপ্লাই, জাইকা এবং বাংলাদেশের আইচি মেডিক্যাল গ্রুপের যৌথ উদ্যোগে ২০১৬ সালে বাংলাদেশে শিপ আইচি মেডিক্যাল সার্ভিস লিমিটেডের যাত্রা শুরু হয়, যার আওতাভুক্ত শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালটি ঢাকার তুরাগে অবস্থিত ৬৫০ শয্যাবিশিষ্ট একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল।

মাল্টি-স্পেশালাইজড বেসরকারি এই হাসপাতালে সিসিইউ, বার্ন ইউনিট, এনআইসিইউ এবং ডায়ালাইসিস সুবিধাসহ ৪৪টি আইসিইউ শয্যা চালু করার পরিকল্পনা রয়েছে। রয়েছে অত্যাধুনিক জীবনরক্ষাকারী সরঞ্জাম এবং প্রশিক্ষিত চিকিৎসাকর্মী।

হাসপাতালটির চেয়ারম্যান হিরোইউকিকোবায়াশি বলেন, ‘এই হাসপাতালে জাপানের বিশেষজ্ঞ চিকিৎসক এবং উন্নত প্রযুক্তির ব্যবস্থাপনায় সারা দেশের রোগীরা উন্নত স্বাস্থ্যসেবা পাবেন।’