অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখছে ‘নগদ’: সিটিটিসি প্রধান

বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ‘নগদ’ অসাধারণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান। শনিবার (৩০ জুলাই) ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদনকারী প্রতিষ্ঠান ‘নগদ’ এবং সিটিটিসি’র এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মো. আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে নগদ অসাধারণ ভূমিকা রাখছে। খুব অল্প সময়ের মধ্যে এগিয়েছে ‘নগদ’। চার্জ কম এবং সেন্ড মানি ফ্রি হওয়ায় ‘নগদ’ দ্রুত এগিয়ে যাচ্ছে।’

ডিজিটাল প্রতারণা বন্ধ করার বিষয়ে সিটিটিসি’র প্রধান বলেন, ‘অর্থনৈতিক সমৃদ্ধির জন্য দরকার স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি। আর সে জন্যই কাজ করে যাচ্ছে সিটিটিসি। ডিজিটালাইজেশন যত বাড়ছে প্রতারকরা তত ক্ষমতা বাড়াচ্ছে। কিন্তু সিটিটিসি বসে নেই। আমরা আরও শক্তিশালী করছি নিজেদের। নিয়মিত প্রতারকদের দমন করে আসছি আমরা। সে জন্য সিটিটিসি ‘নগদ’-এর কাছে আরও সহযোগিতা আশা করছে।’

‘নগদ’-এর ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, ‘ডিজিটাল ব্যাংক আমাদের আরেক ধাপ এগিয়ে নেবে। ‘নগদ’-কে আমি আগাম অভিনন্দন জানাতে চাই ডিজিটাল ব্যাংকিং শুরু করার পরিকল্পনা রাখায়।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘নগদ’-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট। তিনি বলেন, ‘বাংলাদেশের ৬৫ শতাংশ মানুষ এক সময় অর্থনৈতিক অন্তর্ভুক্তির বাইরে ছিল। নগদ যাত্রা শুরু করার পর সেই হার কমে ৫০ শতাংশে নেমে এসেছে। পরিসংখ্যানই বলে নগদ বাংলাদেশের প্রান্তিক মানুষকে অর্থনৈতিক অর্ন্তভুক্তিতে আনার বিষয়ে বড় ভূমিকা রাখছে। আমরা এখন অর্থনীতিতে আরও ডিজিটালাইজেশনের পথে চলতে চাই।’

‘নগদ’ ও সিটিটিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।