কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের পুনঃঅর্থায়ন সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংকের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ছিল এই আয়োজন। রবিবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সিএমএসএমই খাতে মেয়াদি ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংক হিসেবে কাজ করার জন্য প্রাইম ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ চুক্তি সই করেছে। চুক্তির অধীনে প্রাইম ব্যাংক সিএমএসএমই উদ্যোক্তাদের ৭ শতাংশ সুদে ঋণ দেবে। ক্লাস্টার ভিত্তিক সিএমএসএমই, নারী উদ্যোক্তা, যেকোনও ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং কোভিড-১৯ দ্বারা প্রভাবিত উদ্যোক্তারা এ সুবিধা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও রশীদ এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের পরিচালক মো. জাকের হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের এবং প্রাইম ব্যাংকের এমএসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ এম ওমর তৈয়বসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধাকে সাধুবাদ জানিয়ে হাসান ও রশীদ বলেন, ‘সিএমএসএমই শিল্প বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় সিএমএসএমই সেক্টরের বিকাশে অংশীদার হতে পেরে প্রাইম ব্যাংক গর্বিত।’