‘লস টাইম অ্যাকসিডেন্ট ছাড়া ২০০০ দিন’ উদযাপন করলো আরলা ফুডস

দুই হাজার দিন ‘লস টাইম অ্যাকসিডেন্ট’ ছাড়া অতিবাহিত করার অর্জন উদযাপন করেছে বহুজাতিক দুগ্ধ সমবায় প্রতিষ্ঠান আরলা ফুডসের স্থানীয় সাবসিডিয়ারি আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের ফ্যাক্টরি। মঙ্গলবার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদযাপন অনুষ্ঠানে মঙ্গলবার গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত ফ্যাক্টরিতে উপস্থিত ছিলেন বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসান, আরলা ফুডস’র হেড অব সাউথ এশিয়া বাস প্যাডবার্গ, আরলা ফুডস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর পিটার হলবার্গ এবং মিউচুয়াল গ্রুপের ডিরেক্টর ফারজানা আজিম।

দেশের জনপ্রিয় পাউডার দুধ ডানো’র প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানটি ২০১৭ সালের ৯ মার্চ থেকে প্রায় সাড়ে পাঁচ বছর ধরে কর্মী নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যার সম্মুখীন হয়নি। কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে একজন কর্মচারী ন্যূনতম একদিনের জন্য কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকাকে ‘লস টাইস অ্যাকসিডেন্ট’ বলে।

আরলা ফুডস বাংলাদেশ, ফ্যাক্টরিতে নিরাপত্তার মান নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে আসছে। পক্ষেপগুলো মধ্যে উল্লেখযোগ্য হলো: আরলা গ্লোবাল করনারস্টোন প্রোগ্রাম (আচরণগত নিরাপত্তা প্রোগ্রাম), ক্রমাগত প্রশিক্ষণ (ক্লাস রুম প্রশিক্ষণ, টুল বক্স প্রশিক্ষণ), কর্মীদের জন্য স্বচ্ছ মূল্যায়ন প্রক্রিয়া প্রভৃতি। এ উদ্যোগগুলোর ফলে কোনাবাড়ির ফ্যাক্টরিটিকে বিশ্বব্যাপী আরলার সব প্রতিষ্ঠানের মধ্যে নিরাপত্তার মানদণ্ডের অন্যতম উল্লেখযোগ্য হিসাবে বিবেচনা করা হয়।

অনুষ্ঠানে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসান বলেন, ‘এ বছর ডেনমার্ক বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে। তবে আরলা ফুডস এর চেয়ে অনেক বেশি সময় ধরে এ দেশের জনগণের পুষ্টির চাহিদা পূরণে অবদান রাখছে। আমি আরলা বাংলাদেশকে তাদের চমৎকার অর্জনের জন্য অভিনন্দন জানাই।’

দুই হাজার দিন ‘লস টাইম অ্যাকসিডেন্ট’ ছাড়া অতিবাহিত করার গুরুত্ব সম্পর্কে আরলা ফুডস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর পিটার হলবার্গ বলেন, ‘একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর কর্মক্ষেত্র কর্মীদের শুধু দুর্ঘটনা এবং অসুস্থতা থেকেই রক্ষা করে না, বরং কর্মচারীদের মনোবল বজায় রাখার পাশাপাশি সে বিষয়ে খরচ কমাতে এবং উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করে। দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসাবে, আমরা একটি নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে সহকর্মীদের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। এই অর্জনটুকু তারই পরিচায়ক।’