আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) দক্ষিণ কোরিয়ার ভাষা ও সংস্কৃতি বিকাশ কেন্দ্র ‘কিং সেজং ইনস্টিটিউট ঢাকা ১’-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) এআইইউবি ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কোরিয়ান দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি টিম এবং কিং সেজং ইনস্টিটিউটের প্রতিনিধিরা। এতে স্বাগত বক্তব্য দেন এআইইউবি’র ভাইস চ্যান্সেলর ড. কারমেন জিটা লামাগনা।
কোরিয়ান দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি উইংয়ের প্রধান ইয়ংমিন সিও তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কোরিয়ান স্কলারশিপ সংশ্লিষ্ট বিভিন্ন প্রোগ্রামের আওতায় গ্লোবাল কোরিয়ান স্কলারশিপ (জিকেএস) অর্জন করার সুযোগ রয়েছে এবং সেই সঙ্গে কোরিয়ান ভাষা এবং সংস্কৃতি শিখে কোরিয়াতে কর্মসংস্থানের মাধ্যেমে ক্যারিয়ার গড়ার সুযোগ লাভ করতে পারবেন।’ এ সময় তিনি জিকজির ছবি সংবলিত বিশ্বের প্রাচীনতম ধাতব মুদ্রিত বই এবং ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসাবে নিবন্ধিত সার্টিফিকেটটি এআইইউবি কর্তৃপক্ষের কাছে প্রদান করেন।’
অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের কোরিয়ান ভাষা ও সংস্কৃতি শেখার অভিজ্ঞতা শেয়ার করেন। আয়োজনের অংশ হিসেবে এআইইউবি শিক্ষার্থীরা কোরিয়ান ঐতিহ্যবাহী পোশাক, খাবার এবং বিনোদনমূলক কোরিয়ান খেলায় অংশগ্রহণ, কোরিয়ান সংস্কৃতি জানা ও শেখার সুযোগ পান। অনুষ্ঠানে কোরিয়ান দূতাবাসের প্রতিনিধি, এআইইউবি’র শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।