দুগ্ধ খাত উন্নয়ন উদ্যোগের প্রথম ধাপ সম্পন্ন করলো প্রাণ-আরলা

দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রাণ ডেইরি লিমিটেড এবং ইউরোপীয় বহুজাতিক দুগ্ধ সমবায় আরলা ফুডসের স্থানীয় প্রতিষ্ঠান আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড সম্প্রতি বাংলাদেশে দুগ্ধ খাত উন্নয়নে যৌথ উদ্যোগের প্রথম ধাপ সম্পন্ন করেছে। সোমবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অভ্যন্তরীণ দুগ্ধ খাত উন্নয়নে টেকসই উপায়ে অধিকতর উন্নত মানের দুগ্ধ উৎপাদনের উদ্দেশ্যে এ বছরের শুরুতে প্রাণ ডেইরি এবং আরলা বাংলাদেশ যৌথ এই উদ্যোগ নেয়। উদ্যোগের প্রাথমিক পর্যায়ে উভয় প্রতিষ্ঠান টেকসই দুগ্ধ খামারের সার্বিক ধারণক্ষমতা উন্নয়ন এবং অন্যান্য সম্ভাবনা যাচাইয়ের উদ্দেশ্যে বিভিন্ন খামার নিরীক্ষা করেছে। চলমান দুগ্ধ সংগ্রহ কার্যক্রম আরও কার্যকর করে তুলতে প্রশিক্ষক, সংগ্রহ কর্মী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের ধারাবাহিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ মোহি উদ্দীনের সহায়তায় প্রশিক্ষণ পর্ব পরিচালনা করেন আরলা ফুডস নাইজেরিয়ার সিনিয়র প্রজেক্ট ম্যানেজার স্নোরি সিগুর্ডসন।

প্রশিক্ষণ পর্বের পাঁচটি সেশন পরিচালিত হয় এ বছরের মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত। সর্বশেষ সেশনে প্রাণ ডেইরির প্রশিক্ষকদের জন্য মাঠ পর্যায়ে ব্যবহারিক এবং তাত্ত্বিক প্রশিক্ষণ পরিচালনা করেন স্নোরি সিগুর্ডসন। এ সেশনটি পরিচালনা করা হয় প্রাণ ডেইরির গুরুত্বপূর্ণ দুগ্ধ সংগ্রহ কেন্দ্র রংপুরে।

আরলা ফুডস নাইজেরিয়ার সিনিয়র প্রজেক্ট ম্যানেজার স্নোরি সিগুর্ডসন বলেন, ‘আমি যত দেশে খামার দেখেছি, সেগুলো থেকে বাংলাদেশের অবস্থা খুব বেশি ভিন্ন নয়। গরম আবহাওয়া ও উচ্চ আর্দ্রতার জন্য বাংলাদেশে দুগ্ধ খামার পরিচালনা করা সহজ না হলেও সঠিক পন্থা অবলম্বন করলে অবশ্যই অবস্থার পরিবর্তন করা সম্ভব।’

অনলাইনে পরিচালিত প্রথম চারটি সেশনে দুগ্ধ উৎপাদন ও মান নিয়ন্ত্রণ, খামার ও পশুর জন্য সঠিক পরিবেশ নিশ্চিতকরণ, গরুর জন্য সঠিক খাদ্য বাছাই ও প্রদান এবং সামগ্রিকভাবে খামার পরিচালনা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী বলেন, ‘আমাদের প্রধান চ্যালেঞ্জ ছিল সঠিক কারিগরি জ্ঞান ব্যবহার করে দেশব্যাপী ক্ষুদ্র কৃষকদের সংগঠিত করার মাধ্যমে দুগ্ধ খাতকে একটি যথাযথ ব্যবসায়িক শিল্প হিসেবে গড়ে তোলা। শুরু থেকেই দেশের দুগ্ধ খাতকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে প্রাণ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক উদ্যোগ নিয়েছে। এখন ইউরোপীয় খামার ব্যবস্থাপনা বাংলাদেশে প্রচলনের উদ্দেশ্যে আরলা ফুডসের সঙ্গে কাজ করছে প্রাণ। আশা করছি এই উদ্যোগ আমাদের খামারি এবং দুগ্ধ শিল্পকে সাহায্য করবে।’

এছাড়া এই উদ্যোগের আওতায় পরবর্তী ধাপে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বে সামাজিক, পরিবেশগত এবং অর্থনৈতিক প্রভাব যাচাইয়ের উদ্দেশ্যে পদ্ধতিগতভাবে ও বিজ্ঞানসম্মত উপায়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।