ইউল্যাবে এমএসজে বিভাগের ফল সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের ফল-২২ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। গত শনিবার ইউল্যাবের রিসার্চ বিল্ডিংয়ে ছিল এই আয়োজন। মঙ্গলবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানানোর মাধ্যমে নবীনবরণের আনুষ্ঠানিকতা শুরু করেন এমএসজে বিভাগের প্রধান ড. জুড উইলিয়াম হেনিলো। অনুষ্ঠানে ভবিষ্যৎ সমাজ এবং মিডিয়া ইন্ডাস্ট্রিতে শিক্ষার্থীরা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই ব্যাখ্যা তুলে ধরে তিনি স্বাগত বক্তব্য দেন।

নবীনদের উদ্দ্যশ্যে তিনি বলেন, ‘মানুষ যত তোমার ওপর ভরসা করবে, তোমার পেছনে সময় দেবে, তুমি তত বেশি সফল হবে। এ জন্য সাফল্য-চক্রের গুরুত্ব এত বেশি। যে তোমার সাফল্য-চক্রে নেই, তার বিষয়ে চিন্তা করো না। নিন্দুকের কথায় কান দিও না।’

অনুষ্ঠানটিতে এমএসজে বিভাগের শিক্ষকরা নিজেদের পরিচয় দেন এবং ইউল্যাবের এমএসজে বিভাগ কীভাবে দক্ষ মিডিয়া এবং পিআর পেশাদার সৃষ্টি করছে সে বিষয়ে বক্তব্য রাখেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেইন, মেন্টিমিটার নামক একটি অনলাইন সফটওয়্যারের মাধ্যমে নবীনদের ডেমগ্রাফিক দিকগুলো তুলে ধরেন এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. সরকার বারবাক কারমাল বিভাগের ইতিহাস ও লক্ষ্য সম্পর্কে নবীনদের ধারণা দেন। সিনিয়র লেকচারার মুহাম্মদ আমিনুজ্জামান শিক্ষার্থীদের পোর্টফোলিও সম্পর্কে ধারণা দেন।

বর্তমান শিক্ষার্থীদের করা বিভিন্ন সৃজনশীল ও ডিজিটাল প্রোজেক্টের ভিডিও প্রদর্শনীর মাধ্যমে আয়োজন শেষ হয়।