হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন আনোয়ারা সৈয়দ হক ও মৌরি মরিয়ম

এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার-২০২২ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য এই স্বীকৃতি পাচ্ছেন আনোয়ারা সৈয়দ হক। ‘ফানুস’ উপন্যাসের জন্য নবীন সাহিত্যশ্রেণিতে (অনূর্ধ্ব ৪০ বছর বয়সী লেখক) পুরস্কারটি দেওয়া হবে মৌরি মরিয়মকে। তারা পাবেন যথাক্রমে পাঁচ লাখ টাকা এবং ১ লাখ টাকা। এছাড়া থাকছে ক্রেস্ট, উত্তরীয় ও সনদপত্র।

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আজ (১২ নভেম্বর) বিকাল ৪টায় পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। সম্মানিত অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতিত্ব করবেন পুরস্কারের জন্য গঠিত বিচারকমণ্ডলীর সভাপতি, কথাশিল্পী ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম।

২০১৫ সাল থেকে এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে। প্রথমবার এটি পেয়েছিলেন শওকত আলী ও সাদিয়া মাহজাবীন ইমাম। ২০১৬ সালে দ্বিতীয় আসরে পুরস্কারটি পান হাসান আজিজুল হক ও স্বকৃত নোমান। ২০১৭ সালে এটি দেওয়া হয়েছে জ্যোতিপ্রকাশ দত্ত ও মোজাফ্ফর হোসেনকে। ২০১৮ সালে পুরস্কৃত হন রিজিয়া রহমান ও ফাতিমা রুমি। ২০১৯ সালে পুরস্কারটি পেয়েছেন রাবেয়া খাতুন ও সাদাত হোসাইন। ২০২০ সালে এটি দেওয়া হয় হাসনাত আবদুল হাই ও নাহিদা নাহিদকে। ২০২১ সালে পুরস্কারটি পেয়েছেন সেলিনা হোসেন ও ফাতেমা আবেদীন।

আনোয়ারা সৈয়দ হক ছয় দশক ধরে লিখছেন। তার লেখায় বারবার উঠে আসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু আর মহান মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা। এছাড়া নারী জীবনের টানাপোড়েন, নারীর বঞ্চিত, লাঞ্ছিত ও অবহেলিত জীবনযাপনের কথা তার সাহিত্যে প্রধান একটি উপাদান হিসেবে কাজ করেছে। একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে নারী-পুরুষের মনস্তাত্ত্বিক দিকগুলো তিনি তুলে ধরেন লেখায়।

১৯৪০ সালের ৫ নভেম্বর যশোর জেলার মোহনগঞ্জের চুড়িপট্টিতে আনোয়ারা সৈয়দ হকের জন্ম। মা প্রয়াত আছিয়া খাতুন চৌধুরী। বাবা প্রয়াত গোলাম রফিউদ্দিন চৌধুরী। স্বামী সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হক। ১৯৬৫ সালে আনোয়ারা সৈয়দ হক ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। লন্ডন থেকে মনোবিজ্ঞানে এমআরসিপি ডিগ্রি লাভ করেন ১৯৮১ সালে। বর্তমানে তিনি ঢাকার বারডেম হাসপাতালে মনোরোগ বিভাগের অধ্যাপক ও বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।

বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আনোয়ারা সৈয়দ হক বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। অর্জন করেছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১০) এবং দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মান একুশে পদক (২০১৯)। 

তরুণ লেখক মৌরি মরিয়মের লেখায় সমকালীন প্রেক্ষাপটে মানবিক সম্পর্ক, প্রেম, মান-অভিমান, ভ্রমণ, যাপিত জীবন মূর্ত হয়ে ওঠে। 

১৯৯১ সালের ২৫ মে বরিশালের গৌরনদী উপজেলায় তার জন্ম। মা মনজু বেগম। বাবা প্রয়াত আজিজুল হক। মৌরি মরিয়মের লেখালেখির সূচনা গল্প-উপন্যাস পড়ার সূত্রে। ২০১৮ সালে বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘প্রেমাতাল’। তাকে সুপরিচিতি এনে দেয় ২০১৯ সালে প্রকাশিত ‘অভিমানিনী’ উপন্যাসটি।