বাউল গানের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা-২০২২’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুমে ছিল এই আয়োজন। ম্যাজিক বাউলিয়ানার চতুর্থ আসরে প্রথম স্থান অর্জন করেছেন ঢাকার শফিউল বাদশা। দ্বিতীয় হয়েছেন নেত্রকোণার ফকির চান এবং তৃতীয় হন ব্রাহ্মণবাড়িয়ার অর্ণব ভট্টাচার্য্য। এছাড়া বাকি সেরা ৬-এ আছেন জামালপুরের সাইফুল ইসলাম, কুষ্টিয়ার অর্পা খন্দকার চাঁদনী এবং জয়পুরহাটের ঐশী রাণী দৃষ্টি। রবিবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রথম স্থান অর্জনকারী শফিউল বাদশা পেয়েছেন ৫ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী যথাক্রমে পেয়েছেন ৩ লাখ এবং ২ লাখ টাকা। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে সম্প্রচারিত হয় ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’-এর গ্র্যান্ড ফিনালে। ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’-এর ওয়ারড্রোব পার্টনার হিসেবে ছিল দেশাল।
প্রায় ৭ মাস ধরে চলতে থাকা প্রতিযোগিতাটিতে অংশ নিয়েছিলেন সারা দেশের ৫০ হাজারেরও বেশি প্রতিযোগী। এতে বিচারক হিসেবে ছিলেন লোকগানের শিল্পী বাউল শফি মন্ডল, শাহনাজ বেলী ও আরিফ দেওয়ান।
ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে বাউল গানের সংযোগ আরও দৃঢ় করতে আর্কাইভ হিসেবে ‘ম্যাজিক বাউলিয়ানায় পরিবেশিত লোকগানের শুদ্ধ সংকলন-১’ বইটির মোড়ক উন্মোচন করেন বিশেষ অতিথি উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশনস মালিক মোহাম্মদ সাঈদ এবং বইটির গবেষক ও সম্পাদক, বাংলা একাডেমির উপপরিচালক ড. তপন বাগচী।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ এবং সেইসঙ্গে সেরা ৬ প্রতিযোগীর সঙ্গে গান পরিবেশন করেন বরেণ্য অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, মিডিয়াকম, সান কমিউনিকেশনস ও স্কয়ার গ্রুপের অন্যান্য কর্মকর্তা।