৩৩টি সরকারি সেবার পেমেন্ট সুবিধা হিসেবে ‘ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি)’ অন্তর্ভুক্ত করতে সম্প্রতি অ্যাসপায়ার টু ইনোভেটের (এটুআই) সঙ্গে একটি চুক্তি সই করেছে গ্রামীণফোন। চুক্তি সই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটুআই’র প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এ সময় আরও ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান এবং এটুআইর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট রেজওয়ানুল হক জামিসহ উভয় পক্ষের প্রতিনিধিরা। সোমবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ সুবিধা সবার জন্য দ্রুত, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক পেমেন্ট সেবা নিশ্চিত করবে। বিশেষ করে, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে যারা ব্যাংকিং ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর সেবা খাতের বাইরে, তাদের সরকারি সুবিধাপ্রাপ্তিতে ডিওবি কার্যকরী ভূমিকা রাখবে।
২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতে এ সেবা আরও বড় ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খাতের ক্ষেত্রেও চালু করা হবে। গ্রামীণফোন ও এটুআই’র মধ্যে এ পার্টনারশিপ ভবিষ্যতে উভয় পক্ষের প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে। সমাজের ক্ষমতায়নে সহায়তা করবে। ভবিষ্যতে আরও বড় লক্ষ্য অর্জনে এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
একইদিন জিপি হাউসে ‘ডিজিবক্স’ প্লেসমেন্ট নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আরেকটি চুক্তি সই হয়। এর ফলে গ্রামীণফোনের সব কর্মীদের জন্য অনলাইনে অর্ডার করা নির্দিষ্ট বক্স নিরাপদে কন্ট্যাক্টলেস উপায়ে ডেলিভারি হবে। দারাজ থেকে অর্ডার করা পণ্য সংগ্রহ করার ক্ষেত্রে পার্সেল গ্রহণকারী তার সুবিধাজনক সময়ে ডেলিভারি এজেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ না করেও কেবল ওটিপি ভ্যারিফিকেশন ব্যবহার করে নিরাপদে তার বক্সটি গ্রহণ করতে পারবেন।
এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার হিসেবে দেশের মানুষের জীবনের রূপান্তরে উদ্ভাবন ও প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে আমরা নিজেদের দায়বদ্ধ মনে করি। দেশজুড়ে গ্রামীণফোন ব্যবহারকারীরা যেন ডিজিটাল মাধ্যমের সুবিধা পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারেন, সে জন্য আমাদের সেবার ক্ষেত্রে প্রযুক্তি-নির্ভর ধারণা ও ফিচার নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। ডিওবি ও ডিজিবক্সের মতো সুবিধা ভবিষ্যতে আমরা আরও নিয়ে আসবো।’
এটুআই’র প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ‘দেশের নাগরিকদের সেবাদানের ক্ষেত্রে এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিক উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যেতে আমাদের জীবন, ভাবনা ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়গুলোতে অভাবনীয় পরিবর্তন এনেছে ডিজিটাল বাংলাদেশ। করোনার সময় যদি মন্ত্রণালয়, এটুআই ও টেলিকম প্রতিষ্ঠানগুলো একসঙ্গে কাজ না করতো, তবে আমরা আরও দুর্বিষহ অবস্থার সম্মুখীন হতে পারতাম। গ্রামীণফোন ও এটুআই অনেকগুলো প্রকল্প নিয়ে কাজ করছে। এ দুটি পক্ষের অংশীদারিত্ব বাংলাদেশের নাগরিকদের জন্য সত্যিকারের অবদান রেখেছে।’