ইউল্যাব শিক্ষার্থীর উদ্যোক্তা ও উন্নয়নকর্মী হয়ে ওঠার গল্প

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) অনুষ্ঠিত হয়েছে ‘প্রাক্তন শিক্ষার্থীর সঙ্গে কথোপকথন ও আলোচনা’। এতে উদ্যোক্তা ও উন্নয়নকর্মী হয়ে ওঠার গল্প শোনান ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের প্রাক্তন শিক্ষার্থী কামরুন্নেসা মীরা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এমএসজে বিভাগ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ আয়োজন করে।  

শুভেচ্ছা বক্তব্যে কামরুন্নেসা মীরাকে তার অর্জনের জন্য অভিনন্দন জানান এমএসজে বিভাগের প্রধান অধ্যাপক ড. জুড উইলিয়াম হেনিলো। এছাড়াও শিক্ষার্থীদের তার মতো উদ্যমী এবং কর্মঠ হওয়ার আহ্বান জানান তিনি।

মীরার সঙ্গে কথোপকথনের মূল পর্ব শুরু করেন বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন। মীরা প্রথমেই ইউল্যাবে এমএসজে বিভাগ থেকে শুরু করে একজন সফল উদ্যোক্তা হিসেবে আবির্ভূত হওয়ার যাত্রাটি সংক্ষেপে আলোচনা করেন। তিনি ব্যবসায়িক উদ্যোগের গুরুত্ব আলোচনা করে বলেন ‘জীবনে যত উদ্যোগই আমরা নেই না কেন, সেই উদ্যোগের ওপরে সন্তুষ্ট থাকা কঠিন। এজন্যই আমরা একের পর এক উদ্যোগ নিতেই থাকি।’

মীরা একজন তরুণ উদ্যোক্তা এবং বিজ্ঞাপনী সংস্থা কাইটস কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা। অল ফর ওয়ান ফাউন্ডেশন তার সামাজিক উদ্যোগ। এছাড়াও তিনি বর্তমানে জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠানে পরামর্শক এবং গবেষক হিসাবে যুক্ত আছেন। ইউল্যাব থেকে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমে স্নাতক ডিগ্রি এবং ইলিনয় শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশন ফর ডেভেলপমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

শিক্ষার্থীদের প্রশ্ন-উত্তরের মধ্য দিয়ে কথোপকথন পর্বটি শেষ হয়। সবশেষে এমএসজে বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক নন্দিতা তাবাসসুমের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।