নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) নর্থ সাউথ জার্নাল অব পিস অ্যান্ড গ্লোবাল স্টাডিজের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) ছিল এই আয়োজন। ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের সেন্টার ফর পিস স্টাডিজ এ আয়োজন করে।
জার্নালের সম্পাদক হলেন এনএসইউ গবেষণা অফিসের পরিচালক অধ্যাপক নরম্যান কেনেথ সোয়াজো। জার্নালের ব্যবস্থাপনা সম্পাদক এনএসইউ’র রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ নুরুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম ইসমাইল হোসেন, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশাল সায়েন্সের ডিন অধ্যাপক আবদুর রব খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রাক্তন চেয়ার সাইফুদ্দিন আহমেদ।
জার্নাল প্রকাশে সম্পাদকীয় পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক সোয়াজো। আগামী বছরের মধ্যে জার্নালটি ইনডেক্স করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অধ্যাপক নুরুজ্জামান তার বক্তব্যে জার্নালটিকে বাস্তবে রূপ দেওয়ার কঠিন যাত্রার কথা তুলে ধরেন।
আন্তর্জাতিক বিষয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ জার্নালটিতে প্রকাশিত সমসাময়িক বিষয়গুলির ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন।