ইউআইইউতে ‘বিএসসি ইন ডেটা সায়েন্স’ বিভাগের যাত্রা শুরু

বাংলাদেশে প্রথমবারের মতো ডেটা সায়েন্সে স্নাতক প্রোগ্রামের অনুমোদন পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউআইইউ’র উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, ‘সামনের দিনের চ্যালেঞ্জ হলো স্নাতকদের কম্পিউটিং এবং ডেটা এনালাইসিসে দক্ষ করে তোলা। স্মার্ট বাংলাদেশের পথ পরিক্রমায় এই দক্ষতা ডেটা-চালিত নেতৃত্বের সহায় হবে।’ এই নতুন অনুমোদিত প্রোগ্রামের গ্র্যাজুয়েটরা এ প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. সালেকুল ইসলাম বলেন, ‘ডেটা সায়েন্স অদূর ভবিষ্যতে সবচেয়ে চাহিদাপূর্ণ বিষয় হবে। ইউআইইউ’র সিএসই বিভাগ সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে। আমরা সেরা গ্র্যাজুয়েট তৈরি করতে আত্মবিশ্বাসী। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিংয়ের বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশকে নেতৃত্ব দেবে বলে আশা করি।’

সদ্য অনুমোদিত প্রোগ্রামের ক্লাস ২০২৩ সালের ফল সেমিস্টার থেকে শুরু হবে।