ফাইন্যান্সিয়াল ওয়েলনেস প্ল্যাটফর্ম ‘ওয়েজলি’ এবং ‘স্বাধীন ফিনটেক’ যৌথভাবে দেশের পোশাককর্মীদের জন্য কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ চালু করেছে। এই যৌথ উদ্যোগের ফলে পোশাককর্মীরা সহজেই স্মার্টফোন কিনতে পারবেন। সোমবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পোশককর্মীরা ওয়েজলি প্ল্যাটফর্মের মাধ্যমে মাসিক কিস্তি সুবিধা (ইএমআই) নিতে পারবেন, যা স্বাধীন-ডিজিটাল ল্যান্ডিং প্ল্যাটফর্মে মাইক্রো ক্রেডিট অথরিটি অনুমোদিত প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হবে। এই সুবিধার আওতায় দেশে প্রথমবারের মতো পোশাককর্মীরা তিন থেকে ছয় মাস মেয়াদি কিস্তিতে স্মার্টফোনের কিনতে পারবেন। প্রাথমিকভাবে পোশাককর্মীদের এই সেবার আওতায় আনা হলেও ওয়েজলি ক্রমান্বয়ে এই সুবিধা দেশের অন্য সব শ্রমিক গোষ্ঠীর মধ্যে প্রসারিত করতে কাজ করবে।
উদ্যোগটি সম্পর্কে ওয়েজলি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নূর এলাহী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের এই যাত্রায় বৃহৎ শ্রমিক শ্রেণির অন্তর্ভুক্তি অপরিহার্য। তাই প্রথমবারের মতো পোশাককর্মীদের ইএমআই সুবিধা নিশ্চিতে স্বাধীন ফিনটেকের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। উদ্যোগটি গার্মেন্টস কর্মীদের আর্থিক সক্ষমতা ও স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।’
স্বাধীন ফিনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশফিয়া মাহমুদ বলেন, ‘আমাদের লক্ষ্য আর্থিক পরিষেবাগুলো সবার জন্য সহজ করে তোলা। বিশেষভাবে যারা এসব পরিষেবা গ্রহণে বাধার সম্মুখীন হন। এই লক্ষ্য অর্জনে ওয়েজলির সঙ্গে অংশীদারিত্ব একটি বড় মাইলফলক। পোশাককর্মীদের কিস্তি সুবিধা দেওয়ার মাধ্যমে আমরা তাদের পণ্য ক্রয়ে সক্ষম করে তুলছি। প্রযুক্তির সাহায্যে আর্থিক অন্তর্ভুক্তি ও জীবনমান উন্নয়নে এই অংশীদারিত্ব একটি চমৎকার উদাহরণস্বরূপ।’