মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে এক কর্মশালার আয়োজন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ও বিকাশ লিমিটেড। বুধবার (৩১ মে) বিএমপি’র সদর দফতরের সম্মেলন কক্ষে এ কর্মাশালা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিকাশ।
‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক এ কর্মশালায় অংশ নেন মেট্রোপলিটন পুলিশের ৬০ জন তদন্ত কর্মকর্তা। অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এই কর্মশালায়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএমপি’র পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরও ছিলেন– বিকাশের এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিভিশনের উপদেষ্টা অতিরিক্ত আইজিপি (অবসরপ্রাপ্ত) ড. মো. নাজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন, বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিমসহ বিকাশ ও বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।