লংকাবাংলা ফাইন্যান্স ও দ্রুত ফিনটেকের মধ্যে চুক্তি সই

দেশব্যাপী কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ত্বরান্বিত করতে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড (এলবিএফএল) এবং ডিজিটাল লোন প্ল্যাটফর্ম দ্রুত ফিনটেক লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। বুধবার (৫ জুলাই) লংকাবাংলা ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে ছিল এ আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লংকাবাংলা ফাইন্যান্সের পক্ষে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) ডিভিশন প্রধান মো. কামরুজ্জামান খান এবং দ্রুত ফিনটেকের পক্ষে চিফ এক্সিকিউটিভ অফিসার আবদুল গাফফার সাদি চুক্তিপত্রে সই করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তি সইয়ের মাধ্যমে দেশব্যাপী কুটির ও ক্ষুদ্র ব্যবসায়ী গ্রাহকদের অর্থায়নের প্রতিবন্ধকতা দূর হবে। খুব সহজে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে লোন দেওয়ার মাধ্যমে তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধি ও সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা যাবে।

অনুষ্ঠানে আরও ছিলেন– লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব রিটেইল বিজনেস খোরশেদ আলম; হেড অব অপারেশনস এ কে এম কামরুজ্জামান এবং দ্রুত ফিনটেকের চেয়ারম্যান শওকত হোসেন; চিফ লেন্ডিং অফিসার মো. শহিদুল ইসলাম ও চিফ অপারেটিং অফিসার মো. তুষারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।