ইউএস-বাংলা এয়ারলাইন্সের নবম বর্ষপূর্তি

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা ৯ বছর অতিক্রম করে দশম বর্ষে পদার্পণ করছে। সোমবার (১৭ জুলাই) দশম বর্ষে পদার্পণ করে এয়ারলাইন্সটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪ সালের ১৭ জুলাই ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে বাংলাদেশের আকাশপথে যাত্রা শুরু করে ইউএস-বাংলা। এরপর অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, বরিশাল, রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করছে এই বেসরকারি বিমান সংস্থা। যাত্রা শুরুর দুই বছরের মধ্যে ইউএস-বাংলা ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক রুটে ডানা মেলে। ইউএস-বাংলার আন্তর্জাতিক রুটগুলোর মধ্যে রয়েছে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু।

ভবিষ্যতে দিল্লী, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, আবুধাবী রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে এই এয়ারলাইন্স। চলতি বছর ইউএস-বাংলার বিমান বহরে ছয়টি ওয়াইডবডি এয়ারক্রাফট যোগ করার পরিকল্পনাও রয়েছে। এছাড়া ২০২৪ সালের মধ্যে লন্ডন, রোমসহ ইউরোপের বিভিন্ন গন্তব্য এবং ২০২৫ সালের মধ্যে নিউইয়র্ক ও টরেন্টোতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ড ২০২৩ এ ইউএস-বাংলা সাউথ এশিয়ার এয়ারলাইনগুলোর মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে মোট ১৯টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে আটটি বোয়িং ৭৩৭-৮০০, আটটি এটিআর ৭২-৬০০ এবং তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট আছে।

নবম বর্ষপূর্তি উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা যেকোনও ধরনের প্রতিযোগিতার চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। বর্তমান বিশ্বে যাত্রীদের সঠিক সেবা দিতে ব্র্যান্ডনিউ এয়ারক্রাফটের কোনও বিকল্প নেই। যাত্রীদের আরামদায়ক সেবা নিশ্চিতের লক্ষ্যে প্রতিনিয়ত নতুন নতুন এয়ারক্রাফট বহরে যুক্ত করে চলেছে ইউএস-বাংলা।’