রোবোটিকস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোবোটিকস ক্লাব মর্যাদাপূর্ণ ‘ডুয়েট টেকফেস্ট২৩’-এর ‘আইডিয়া এবং প্রজেক্ট শোকেসিং’ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গত ১৪ জুলাই গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৮ জুলাই) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা এস এম মহিউদ্দিন স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির রোবোটিকস ক্লাবের দলটির সদস্য ছিলেন মো. সালাউদ্দিন সাকিব, আরিশা আশরাফ ঐশী ও মাহির শাহরিয়ার।

মো. সালাউদ্দিন সাকিবের উদ্ভাবিত ‘প্রজেক্ট ও-জোন’ নামের প্রকল্পটি যানবাহন ও কারখানার নির্গত বিষাক্ত ধোঁয়া থেকে দূষক পদার্থের নিঃসরণ কমিয়ে বায়ুমণ্ডলের ওজোন স্তরকে রক্ষা করার জন্য একটি সময়োপযোগী যন্ত্র বলে জানানো হয়।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মডারেটর, অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজা বলেন, ডুয়েটের এই প্রতিযোগিতায় রোবোটিকসে আমাদের ক্লাবের শুধু সাফল্য তুলে ধরে না বরং প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য একটি অনুকূল পরিবেশ এবং তরুণ প্রতিভা লালন করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতিও তুলে ধরে।

এ সময় তিনি দলের সব মেধাবী সদস্যকে অভিনন্দন জানান এবং দলের অসাধারণ সাফল্যের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন।