আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ‘কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন। বাংলাদেশে ব্যবসা ও সমাজসেবায় অসামান্য অবদানের জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।
গত ২৭ জুলাই সিঙ্গাপুরের এম হোটেলে আয়োজিত ‘কমনওয়েলথ পার্টনারশিপ সামিট অ্যান্ড বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও সনদ। ‘আউটস্ট্যান্ডিং কনট্রিবিউশন টু বিজনেস অ্যান্ড সোশ্যাল সার্ভিস ইন বাংলাদেশ’ ক্যাটাগরিতে পুরস্কারটি পেয়েছেন ইশতিয়াক আবেদীন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইশতিয়াক আবেদীন বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী। ভারত পেট্টোলিয়াম করপোরেশন লিমিটেডের ম্যাক লুব্রিকেন্টসের বাংলাদেশের একমাত্র পরিবেশক কেমলুব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তিনি। একইসঙ্গে ইশতিয়াক আবেদীন শানজেইব লিমিটেড, সুবারু বাংলাদেশ লিমিটেড, শানজেইব ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, শানজেইব ডেইরি লিমিটেড এবং শানজেইব সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তিনি আমেরিকান ডেইরি লিমিটেডের চেয়ারম্যান। ইশতিয়াক আবেদীন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক। এছাড়া তিনি অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এইউএপি), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সদস্য। ব্যবসার পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন কাজে নিজেকে যুক্ত রেখেছেন ইশতিয়াক আবেদীন।