নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) পলিটিক্যাল সাইন্স অ্যান্ড সোশিওলজি বিভাগের অধীনে পরিচালিত ‘মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম’ প্রোগ্রামের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। পেশাগত সক্ষমতা গড়ে তুলতে, নিউজরুম এবং শ্রেণিকক্ষের মধ্যে ব্যবধান কমাতে গত বছর এই প্রোগ্রামটি শুরু হয়েছিল। এ উপলক্ষে রবিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে বর্ষপূর্তি উদযাপনের আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম। প্রযুক্তিতে দক্ষ গণমাধ্যম কর্মী গড়ে তুলতে নর্থ সাউথ ইউনিভার্সিটির দৃঢ় সংকল্পের কথা জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চ্যানেল আই’র প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। তিনি কৃষি বিষয়ে তার বিখ্যাত টিভি প্রোগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। কারিগরি অগ্রগতি এবং অত্যাধুনিক গবেষণাসহ বিভিন্ন বিষয়ে চতুর্থ শিল্প বিপ্লবে সাংবাদিকতার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সাইন্স অ্যান্ড সোশিওলজি বিভাগের চেয়ার এবং এসআইপিজির পরিচালক অধ্যাপক এস কে তৌফিক এম হক সবাইকে স্বাগত জানিয়ে ‘মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম’ প্রোগ্রামের উল্লেখযোগ্য অর্জন তুলে ধরেন। মিডিয়া, কমিউনিকেশন ও জার্নালিজম প্রোগ্রামের বিগত বছরের যাত্রা তুলে ধরেন প্রোগ্রামের সহযোগী অধ্যাপক ড. হারিসুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. আব্দুর রব খান। অন্যান্যের মধ্যে ছিলেন মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামের সহকারী অধ্যাপক ড. সামিখশা কৈরালা; ফ্যাকাল্টি আসিফ বিন আলী।