সম্মানসূচক ডি-লিট উপাধি পেলেন অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ও নর্দান এডুকেশন গ্রুপের প্রেসিডেন্ট ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহকে সম্মানসূচক ডক্টরেট অব লিটারেচার (ডি. লিট) উপাধিতে ভূষিত করলো পশ্চিমবঙ্গের টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়। শিক্ষা, বাণিজ্য ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্প্রতি তাকে এই সম্মানসূচক উপাধি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভারতের বিখ্যাত পদ্মভূষন ও পদ্মশ্রী এন. আর. নারায়না মুর্থি এই উপাধি প্রদান করেন।

ভারতের বৃহত্তম কোম্পানি টাটা সন্স-এর প্রতিষ্ঠাতা রতন টাটা এবং ক্রিকেটার ও বিসিসিআই-এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে এ সম্মান গ্রহণ করেন বরেণ্য এই শিক্ষাবিদ। কলকাতার বিশ্ববাংলা অডিটরিয়ামে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ কলকাতাকে বাঙালির প্রাণের শহর উল্লেখ করে বলেন, ‘একজন বাঙালি হিসেবে আমি গর্বিত, আজ আপনাদের ভালোবাসা আর সম্মান আমায় পরিপূর্ণ করলো’। এছাড়াও তিনি বাঙালি জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিগুলোর একটি হিসেবে উল্লেখ করেন এবং একই সঙ্গে বাঙালি বিপ্লবীদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বাঙালির গৌরবের ইতিহাস এবং ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি দুই বাংলার মধ্যে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, বাণিজ্যের সুসম্পর্ক ও সম্প্রীতি রক্ষায় দৃঢ় থাকার আহ্বান জানান এবং ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ভারতের সীমান্তবর্তী সাতক্ষীরা জেলা শহরে জন্মগ্রহণ করেন। উচ্চশিক্ষা শেষ করে তিনি ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ করেন। ইউরোপ আমেরিকায় শীর্ষ পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা শেষে দেশের প্রতি অপরিসীম ভালোবাসায় তিনি দেশে ফিরে আসেন এবং গত ৩০ বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক বাজার অর্থনীতির একজন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে অধ্যাপনা করছেন। তিনিই ওয়ার্ল্ড মার্কেটিং সামিটে স্পিকার হিসেবে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরেন। আন্তর্জাতিক এই সামিটে প্রতিবারই উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে অংশগ্রহণ করেন- বাংলাদেশের শীর্ষ করপোরেট ও পলিসি মেকাররা। মার্কেটিং বিশ্বের জনক প্রফেসর ফিলিপ কটলার এবং তার সহযোগীদের সঙ্গে গত চার বছর ধরে নিয়মিত কাজ করে আসছেন অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। সেই ধারাবাহিকতায় কটলার ইমপেক্ট এর গ্লোবাল অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হন।