শোক দিবসে সিআইইউতে আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে নগরের জামাল খানের সিআইইউর ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিআইইউ উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, ‘স্বাধীনতা শব্দটির ব্যাপকতা অন্তরে ধারণ করে সুখী, সমৃদ্ধশীল, দুর্নীতি ও শোষণমুক্ত একটি দেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বঙ্গবন্ধু যে দেশ উপহার দিয়ে গেছেন, তাকে বিশ্বের মানচিত্রে সবার ওপরে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার।’ দেশের তরুণরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশকে ভালোবাসবে বলেও আশা প্রকাশ করেন উপাচার্য।

এর আগে দিবসটি পালন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি হাতে নেয় সিআইইউ কর্তৃপক্ষ। প্রথম দিন সোমবার ছিল ক্যাম্পাসে চলচ্চিত্র প্রদর্শনী। মঙ্গলবার অনুষ্ঠিত হয় শোক সভা। 

অনুষ্ঠান কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ বলেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশের শিক্ষা সেক্টরে গুণগত পরিবর্তন আনার স্বপ্ন দেখেছিলেন। তার এই স্বপ্ন বাস্তবায়নে চাই যুগোপযোগী পদক্ষেপ। চাই সবার সমন্বিত সহযোগিতা।’

সিআইইউর প্রশাসন শাখার পরিচালক কুমার দোয়েল দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, একই অনুষদের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, ইংরেজি অনুষদের ডিন ড. শাহ আহমেদ, স্কুল অব ল’র সহকারি ডিন নাজনীন আক্তার, সিআইইউর রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, কৃতী শিক্ষার্থী ফারাহ উলফাত প্রমুখ।