ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী সোমবার (২০ নভেম্বর)। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে রাজধানীর পল্টন ময়দান আউটার স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
শনিবার (১৮ নভেম্বর) সেগুনবাগিচায় ডিআরইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, নকআউট সিঙ্গেল এলিমিনেটর পদ্ধতিতে হবে এবারের টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া থেকে সর্বোচ্চ ৫৫টি দল অংশগ্রহণ করছে।
সংবাদ সম্মেলনে ডিআরইউয়ের সভাপতি মুরসালিন নোমানী বলেন, ‘ওয়ালটন সর্বদা ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে অন্যান্য খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করে থাকে। সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণভাবে সবসময় ডিআরইউয়ের পাশে থাকে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ডিআরইউ সদস্যদের বিনোদনের জন্য আয়োজিত মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টেও ওয়ালটনকে পাশে পেয়েছি।’
ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বলেন, ‘ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে মূলত সাংবাদিকদের জন্য বিনোদনের আয়োজন করা হয়। এবারের টুর্নামেন্টে প্রথমবারের মতো বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠান থেকে ৫৫টি দল অংশগ্রহণ করছে।’