সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে সিটি ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে স্মারক সই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খান এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এ সমঝোতা স্মারকে সই করেন।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ স্মারকের আওতায় দেশের প্রথম কোনও বেসরকারি ব্যাংক হিসেবে সিটি ব্যাংক সর্বজনীন পেনশন কার্যক্রমে যুক্ত হলো। এখন থেকে এই স্কিমের মাসিক কিস্তি আদায়সহ দেশে ও বিদেশে এর যাবতীয় প্রচার-প্রচারণা কাজে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহযোগী হিসেবে কাজ করবে সিটি ব্যাংক।
এতে আরও বলা হয়, সিটি ব্যাংক শিগগিরই দেশের মধ্যে এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের কাছে, বিশেষ করে মালয়েশিয়ায় অবস্থিত ব্যাংকের সাবসিডিয়ারি রেমিটেন্স কোম্পানির মাধ্যমে সে দেশে সর্বজনীন পেনশন স্কিমকে জনপ্রিয় করার পদক্ষেপ নেবে।