টেক ট্রিপ লিমিটেড নামে সম্প্রতি একটি অনলাইন ট্রাভেল এজেন্সি যাত্রা শুরু করেছে। নতুন এই উদ্যোগ বাজারে এনেছে ইউএস-বাংলা গ্রুপ। প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি মালদ্বীপে একটি স্মারক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে টেক ট্রিপ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ও নেপালের ট্রাভেলপোর্ট গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমসের (জিডিএস) সাবেক আঞ্চলিক প্রধান দারাজ মাহমুদের নেতৃত্বে টেক ট্রিপ টিমটি ইন্ডাস্ট্রির অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত। এই টিমে রয়েছেন বাংলাদেশে ইন্ডিগোর সাবেক হেড অব সেলস মাহদী কবির এবং বিভিন্ন এয়ারলাইনসের শীর্ষ পর্যায়ে কাজ করা নুরুদ্দিন শরীফসহ ট্রাভেল ইন্ডাস্ট্রির আরও অনেক অভিজ্ঞ মুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে টেক ট্রিপের ভবিষ্যৎ ভাবনা নিয়ে দারাজ মাহমুদ বলেন, ‘বর্তমানে ডিজিটাল বাংলাদেশ ও ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গঠনে নতুন নতুন উদ্যোক্তা ভ্রমণ শিল্পকে এগিয়ে নিতে উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় টেক ট্রিপ গঠন করা হয়েছে। ভ্রমণ শিল্পের ক্রমবর্ধমান চাহিদা পূরণে প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে পর্যটন ও কর্মসংস্থানের বাজারকে সুরক্ষিত করবে টেক ট্রিপ।’