বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) এ আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবসায়িক সহযোগী ও যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘নিরাপত্তা ও সেবা এই দুই মূলমন্ত্রকে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে থাকি। একটি বিশ্বমানের সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আমাদের যাত্রা শুরু। সময় অনুযায়ী ফ্লাইট পরিচালনা ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই আমাদের ব্যবসায়িক দর্শনের সর্বোচ্চ প্রাধিকার।’
তিনি বলেন, ‘বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রতিকূলতা জয় করে নভোএয়ার সবার কাছে বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং আস্থার এয়ারলাইনস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নতুন বছরে আমাদের অঙ্গীকার, যাত্রীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ এবং বহরে আরও উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে উন্নত যাত্রী সেবা নিশ্চিত করা।’
২০১৩ সালের ৯ জানুয়ারি অভ্যন্তরীণ রুটে ঢাকা-চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রী পরিবহন শুরু করে নভোএয়ার।